একুশে বার্তা প্রতিবেদন : শিক্ষার্থীদের নয় দফা দাবিতে কোথাও আমার পদত্যাগের কথা নেই। এটা বিএনপির দাবি। তারা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পদত্যাগ চায়, সরকারেরও পদত্যাগ চায় চায়। সুতরাং পদত্যাগের কোনো সম্ভাবনা নেই, এমনকি প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
২ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, তারা আমায় ক্ষমা চাইতে বলেছিল। আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে তা দেখতে বলেছি।
মন্ত্রী বলেন, আজও আমি সারাদেশের শ্রমিক নেতাদের সঙ্গে ফোনে কথা বলছি। তাদের ধৈর্য সহকারে শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছি। যেহেতু কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় রয়েছে, তাই নিরাপত্তাবোধ করলে সাবধানে গাড়ি চালাতে বলেছি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি কিন্তু কাউকে গাড়ি বন্ধ করতে বলিনি। আবার বের করতেও বলিনি। এটা মালিকদের ব্যাপার।
কাগজ পরীক্ষার কারণে রাস্তায় গাড়ি চলাচল কম কি-না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা আপনারা ভালো বোঝেন, বাস্তবতা কী। আমি এখন এ নিয়ে কথা বলবো না।
গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া দুই বাসের পাল্লাপাল্লিতে চাপায় পড়ে শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও কয়েকজন শিক্ষার্থী। পরে এ ঘটনার প্রতিক্রিয়া দেওয়ার সময় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে হাসতে দেখা যায় বলে অভিযোগ শিক্ষার্থীদের।
দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে তখন থেকেই আন্দোলনে নামেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা সরকারের কাছে ৯ দফা দাবি তুলে ধরেন। আন্দোলনের প্রেক্ষিতে সরকারের তরফ থেকে সড়ক পরিবহন আইন পাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
