খেলাধূলা ডেক্স : শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছেন, আমার মনে হয়েছিল, আমরা এই স্কোর চেজ করতে পারব। তবে সেজন্য আমাদের দরকার ছিল ভালো শুরু। কিন্তু আমরা উইকেট হারাতে থাকি, গতি সৃষ্টি করতে পারিনি। আমার মনে হয়, আমরা ভালো বলও করতে পারিনি। ব্যাট করার জন্য উইকেট ছিল খুবই ভালো। শিশির পড়তে থাকার পরও উইকেট ছিল ভালো। দুই দলের কারোই খুব বেশি স্পিনার ছিল না। আমরা ১৮০’র মধ্যে তাদের রুখতে পারলে, আমরা পারতাম তাদের হারাতে।
এখন আমাদের বসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় তিনজাতি ক্রিকেট নিয়ে কী করা যায়, তা নিয়ে ভাবতে হবে। আমাদের খুঁজে বের করতে হবে, কিভাবে ১৮০ রান টপকানো যায়।
তিনি বলেন, সাকিব চ্যাম্পিয়ন খেলোয়াড়। আমরা তার ব্যাট-বল উভয়টাই মিস করেছি।
টি-২০ সিরিজ হারল বাংলাদেশ
শ্রীলংকার কাছে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে ৭৫ রানে হারলো স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো শ্রীলংকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রান করে শ্রীলংকা। দলের পক্ষে কুশল মেন্ডিস ৪২ বলে ৭০, দানুস্কা গুনাথিলাকা ৪২, থিাসার পেরেরা ৩১ ও উপুল থারাঙ্গা ২৫ রান করে আউট হন। তবে দাসুন শানাকা ৩০ ও অধিনায়ক দিনেশ চান্ডিমাল ২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন আবু জায়েদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
জবাবে ১৮ দশমিক ৪ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া ওপেনার তামিম ইকবাল ২৯ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২০ রান করেন। শ্রীলংকার পক্ষে ২টি করে উইকেট নেন মাদুশানাকা ও গুনাথিলাকা।
