একুশে বার্তা প্রতিবেদন : বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।
বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার কথা ছিল। কিন্তু আদালত তার প্রার্থিতা বাতিল করায় বিএনপির মহাসচিব এই আসন থেকে ভোট করেন।
এই আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়।স্থানীয়রা জানান, সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মির্জা ফখরুল এবার দুটি আসন থেকে নির্বাচন করেন। বগুড়া-৬ আসনের পাশাপাশি তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করেন।
বগুড়া-৬ আসনে ১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে সবকটির ফল পাওয়া গেছে। অসমর্থিত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এতে বেসরকারিভাবে মির্জা ফখরুল জয়ী হন।
মির্জা ফখরুল ১৯৯১ সাল থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ওই নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ আসনে তৎকালীন আওয়ামী লীগ নেতা খাদেমুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছিলেন ৩৬ হাজার ৪০৬ ভোট। ওইবার খাদেমুল ইসলাম ৫৭ হাজার ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
৭ম জাতীয় সংসদ নির্বাচনে ফখরুল পেয়েছিলেন ৫৮ হাজার ৩৬৯ ভোট। সেবারও খাদেমুল ইসলাম ৬২ হাজার ৭০৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৩৪ হাজার ৯১০ পেয়ে বিজয়ী হয়েছিলেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমেশ চন্দ্র সেন সেবার পেয়েছিলেন ৯৬ হাজার ৯৪৮ ভোট।
২০০৮ সালের নির্বাচনে ১ লাখ ২০ হাজার ৪১১ ভোট পেয়ে বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হন তিনি। রমেশ চন্দ্র সেন ১ লাখ ৭৭ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হন।
২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।ওই নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বিজয়ী হন।
