একুশে বার্তা প্রতিবেদন : রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আওয়ামী লীগের মনোনয়নের পরদিন বঙ্গভবনে যাচ্ছেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরকার প্রধানের সৌজন্য সাক্ষাৎ রয়েছে বলে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে।
৩১ জানুয়ারি বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।
সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়া এখন আনুষ্ঠানিকতা মাত্র।
বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। ফলে এবার নির্বাচিত হলে এটাই হবে আবদুল হামিদের শেষ মেয়াদ।
পাঁচ বছর আগে দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে জাতীয় সংসদের স্পিকার ছিলেন ৭৪ বছর বয়সী আবদুল হামিদ।
প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে সাতবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জের হাওরাঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আগামী ২৩ এপ্রিল তার মেয়াদ শেষ হওয়ার আগেই বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে। ১৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে ইসি।
আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে হয়েছে সংসদ সদস্যদের। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।
এই বছরেই সরকারের মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকায় নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক মহলে। সে ক্ষেত্রে প্রবীণ আওয়ামী লীগ নেতা হামিদের ওপরই আস্থা রেখেছেন শেখ হাসিনা।
