একুশে বার্তা রিপোর্ট : : বাংলাদেশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে বিদেশে পালানোর চেষ্টাকালে ২৪ রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া এলাকার কহিনুর ভিলা নামে একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ওই বাড়ি থেকে বাংলাদেশি ৫৬ টি পাসপোর্ট উদ্ধার হয়েছে। এ ঘটনায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার অভিযোগে বাড়ির মালিকের ছেলে কাজল ও আইয়ুব নামে দুই দালালকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ডিবির উপ-কমিশনার (পশ্চিম) মোখলেসুর রহমান বলেন, আটককৃতদের কাছ থেকে ৫৬ টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তারা দালালের মাধ্যমে ঢাকার ঠিকানা দিয়ে পাসপোর্ট বানিয়ে মালেয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। সংঘবদ্ধ একটি দালাল চক্র তাদেরকে ঢাকায় এনেছে। তিনি বলেন, এসব রোহিঙ্গারা কিভাবে পাসপোর্ট পেল তার তদন্ত চলছে। এখানে যারাই জড়িত থাক তাদেরকে খুঁজে বের করা হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
