ডেক্স রিপোর্ট : চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তলের লাইসেন্স বাতিল করতে জেলা প্রশাসকের কাছে চিঠি দেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএবি)। অস্ত্র ব্যবহার ও বহনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে আগামী সপ্তাহেই এ চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে ব্যাগে পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের বিষয়ে গণমাধ্যমে দেওয়া তার বক্তব্যে দ্বিমত পোষণ করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।
নায়ক ইলিয়াস কাঞ্চন বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দিয়ে জানিয়েছেন, ব্যাগে থাকা লাইসেন্স করা পিস্তলটি তিনি বাসায় রেখে আসতে ভুলে গিয়েছিলেন। এর মধ্যেই বিমানবন্দরের প্রবেশ গেটে ব্যাগটি তল্লাশি করা হয়, কিন্তু সেখানে অস্ত্রটি ধরা পড়েনি। স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় অবাক হন তিনি। তল্লাশির দ্বিতীয় ধাপে (অ্যান্টি হাইজ্যাকিং পয়েন্ট) এসে ব্যাগে থাকা পিস্তলটির কথা তার মনে পড়ে।
তবে তার এ বক্তব্য সঠিক নয় উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানায়, ঘটনার বিষয়ে ইলিয়াস কাঞ্চন নিজের ভাবমূর্তি রক্ষার্থে সংবাদমাধ্যমে অন্যায়ভাবে একের পর এক অসত্য কথা বলছেন। প্রকৃতপক্ষে ওইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যা ঘটেছে তা হলো-ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা পিস্তল ও গুলি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের এন্টি হাইজ্যাকিং পয়েন্টে স্ক্যানিং করার সময় শনাক্ত হয়। বিমানবন্দরের কর্মকর্তারা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি তার ভুল স্বীকার করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার জন্য অনুরোধ জানালে তিনি ওই স্থান থেকে ফেরত যান।
পরবর্তীতে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই উড়োজাহাজে চট্টগ্রাম যান।
