বাসাবোতে জাল রুপি তৈরির সরঞ্জামসহ আটক ৭ : ৪৯ লাখ ভারতীয় জাল রুপি জব্দ

ডেক্স রিপোর্ট : নগরীর বাসাবোর কদমতলার ৩৫/১ নম্বরের বাসা থেকে রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ ৪৯ লাখ ভারতীয় জাল রুপি ও ৫ কোটি জাল রুপি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

জাল রুপি তৈরির ৭ সদস্যকে আটক করা হয়েছে। তারা হল- চক্রের মূল হোতা বশির উদ্দিন, তার সহযোগী মনিরুজ্জামান, মনির হোসেন, আলী আকবর, এনামুল হক আশারী, কবির হোসেন ও সোহেল।

ডিবি পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই চক্রটি রাজধানীর বিভিন্ন বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরির কারখানা গড়ে তুলত। কদমতলার ওই বাসা চলতি মাসের শুরুতে ভাড়া নেয় মনির।

সে লোক চক্ষুর আড়ালে চালিয়ে যেত ভারতীয় রুপি তৈরির কারখানা। তার সঙ্গে রয়েছে চক্রের আরও ৬ সদস্য। চক্রের মূল হোতা বশির দীর্ঘদিন ধরে জাল রুপি তৈরি করে ভারতীয় এজেন্টদের কাছে সরবরাহ করছিল।

এর কারিগর হিসেবে মনির ও সোহেলকে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন দিত। চক্রের বাকিরা এজেন্ট হিসেবে কাজ করত।

ডিবি পুলিশের উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান জানান, চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

তিনি আরও জানান, এ চক্রের কিছু সদস্যকে এর আগেও জাল টাকা তৈরির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তারা জামিনে বেরিয়ে আবারও একই কর্মকাণ্ড শুরু করে। ডিবি পুলিশ জানায়, চক্রের মূল হোতা বশির কয়েক বছর আগে মাদকসহ গ্রেফতার হয়ে কারান্তরীণ হয়।