বিএনপির ভাষায় গণতন্ত্র হত্যা দিবসে খোলা আকাশের নীচে বিএনপির সমাবেশে পুলিশের অনুমতি মিলেনি : সংবাদ সম্মেলনে পরবর্তী সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে উন্মুক্ত স্থানে সমাবেশ করার অনুমতি দিতে রাজি হয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৪ জানুয়ারি  বৃহস্পতিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র পক্ষ থেকে তাদের এ কথা জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, ডিএমপি উন্মুক্ত স্থানে সমাবেশ করার অনুমতি দিতে রাজি হয়নি। খোলা মাঠের পরিবর্তে আবদ্ধ কোথাও (ইনডোরে) অনুষ্ঠান আয়োজনের কথা বলেছে। তিনি বলেন, দলের চাওয়া ছিল সোহরাওয়ার্দী উদ্যান। কিন্তু সেটি একটি অপরিচিত সংগঠনকে বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে নয়াপল্টনে সমাবেশের কথা বলা হলেও পুলিশ তাতে রাজি হয়নি।

এখন তাঁরা কী করবেন, জানতে চাইলে এ্যানি বলেন, কাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হবে।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশের অনুমতির বিষয়ে কথা বলতে ৪ জানুয়ারি বৃহস্পতিবার বেলা তিনটায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে ডিএমপি কার্যালয়ে কথা বলেন বিএনপির নেতারা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেন।

বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। এ ছাড়া এবারের ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপি সারাদেশে কর্মসূচি পালন করার কথা জানিয়েছে।

এর আগেও বিএনপির পক্ষ থেকে ৫ জানুয়ারি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাওয়া হলে ডিএমপি তাতে অনুমোদন দেয়নি। পরে ২০১৬ সালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। সম্প্রতি বিভিন্ন কর্মসূচি সফলভাবে পালন করার পর বিএনপি মনে করে, সরকার বিএনপির স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।