একুশে বার্তা প্রতিবেদন : রমনা থানার নাশকতার মামলায় এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এর ফলে এই বিএনপি নেতার মুক্তিতে কোনো আইনি বাধা থাকল না বলে তার আইনজীবীর ভাষ্য।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ রোববার শুনানি করে দুদুর জামিন মঞ্জুর করেন।
আদালতে দুদুর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবদীন ও সগীর হোসেন লিয়ন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন রাজধানীর কাকরইল-মগবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রমনা থানায় নাশকতার এ মামলা করে পুলিশ।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফেরার পথে সেগুনবাগিচা থেকে দুদুকে গ্রেপ্তার করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
লিয়ন বলেন, “মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) যে ১৮০ জনের নাম ছিল, তাদের মধ্যে শামসুজ্জামান দুদুর নাম ছিল না। পরে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলায় জড়ানো হয়।”
এ আইনজীবী বলেন, দুদু আর কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় হাইকোর্টের এই জামিনের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।”
