একুশে বার্তা ডেক্স : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের জাতীয় বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) প্যারেড স্থগিত করা হয়েছে। বুধবার সচিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিবছর জাতীয় প্যারেড স্কয়ারে এই প্যারেড হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিজয় দিবসে নিরাপত্তা জোরদার থাকবে, নির্বাচন থাকবে বিধায় এবার জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ ছাড়া সার্বিকভাবে প্রতিবছর যা হয় তাই হবে।
প্যারেডে সম্মিলিত সামরিক কুচকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজে অংশ হিসেবে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রীপরিষদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান সংসদ সদস্য, কূটনৈতিক ও আমন্ত্রিত বিদেশি অতিথিরা উপস্থিত থাকেন। কুচকাওয়াজের শেষের দিকে বিমানবাহিনীর আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে হয়। এ ছাড়া নানা ধরনের প্রদর্শনী হয় প্যারেডে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধ সিসি ক্যামেরার আওতায় থাকবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কূটনৈতিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা থাকবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা (বিজয় দিবস) বাঙালিদের উৎসব। এখানে তেমন কিছু হবে বলে মনে করি না। তারপরও আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
