বিমানবন্দর থেকে অপহৃত পিএইচডি গবেষক এনামুল এখন র‌্যাব হেফাজতে

একুশে বার্তা প্রতিবেদন : রাজধানীর বিমানবন্দরে অপহরণের শিকার কোরিয়াগামী পিএইচডি গবেষক এনামুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। র‌্যাবের দাবি, বিবিসি বাংলা ও প্রথম আলোসহ ২২টি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের ওয়েবসাইট হুবহু নকল করার সঙ্গে তিনি জড়িত।

র‌্যাব-২ দাবি করে, উত্তর কোরিয়ায় বসে এসব কাজ করছিলেন এনামুল।

এর আগে গত বুধবার দেশের ফেরার পর থেকেই নিখোঁজ হওয়ার অভিযোগ তুলে তার পরিবার। এ নিয়ে গত ২১ নভেম্বর রাজধানীর দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করা হয়।

শনিবার র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, গ্রেফতারকৃত এনামুল হক কোরিয়ায় বসে ২২টি খ্যাতনামা গণমাধ্যমের ওয়েবসাইট নকল করেছিলেন। ধূর্ত এনামুল বাংলাদেশ থেকে মাস্টারকার্ড ব্যবহার করে ডোমেইন কিনতেন। এরপর কোরিয়ায় গিয়ে নকল সাইট তৈরি করতেন। নকল সাইট থেকে উপার্জনের একটি অংশ ছাত্রশিবিরের সাংগঠনিক কাজে ব্যয় করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্বীকার করেছেন এনামুল।

র‌্যাব সূত্র জানায়, একসময় এনামুল ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন। বৃত্তি পেয়ে কোরিয়ায় পিএইচডি গবেষণায় চলে যান। সেখানে বসে এসব নকল সাইট তৈরি করতেন। নকল সাইট তৈরির সঙ্গে বাংলাদেশ, কোরিয়া ও ইতালিতে বিশাল একটি চক্র আছে। এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে।