বিমান ছিনতাই প্রচেষ্টাকারি পলাশের ল্যাগেজ শাহজালাল বিমানবন্দরে স্ক্যান করা হয়: চেকিংয়ের ভিডিও প্রকাশ : তা হলে অস্ত্র গেল কিভাবে?

একুশে বার্তা ডেক্স :  বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী একটি উড়োজাহাজ অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা করেছিল পলাশ আহমেদ।

পাইলট ও ক্রুরা তাৎক্ষণিক বুদ্ধিমত্তা দিয়ে এবং যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বাংলাদেশ বিমানের দুবাইগামী উড়োজাহাজ ছিনতাইচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন।

এ ঘটনায় বিমান ছিনতাইচেষ্টাকারী পলাশ আহমেদ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুরের দুধঘাটায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে এ বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় যে বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তা হলো- হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা।

কঠোর নিরাপত্তাব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে ছিনতাইচেষ্টাকারী কীভাবে অস্ত্র নিয়ে বিমানে উঠল? আন্তর্জাতিক রুটের যাত্রীদের টার্মিনাল দিয়ে বিমানবন্দরে প্রবেশের সময় লাগেজ ও দেহ তল্লাশি করা হয়।

ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে আরও একবার তল্লাশি করা হয়।সম্প্রতি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলাশ আহমেদকে চেকিংয়ের ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, একটি কালো রঙের ব্যাগ স্ক্যানিং মেশিনে দিয়ে প্রবেশ করছেন পলাশ।

এ সময় মেটাল ডিটেক্টর দিয়ে তার দেহও তল্লাশি করা হয়। এর পর তিনি ব্যাগ নিয়ে স্বাভাবিকভাবেই ভেতরে প্রবেশ করেন।এর পর দ্বিতীয় দফার তল্লাশির কাজটিও নিখুঁতভাবে হওয়ার কথা। সে ক্ষেত্রে কারও পক্ষে অস্ত্র নিয়ে বিমানে ঢোকা সম্ভব না। তাহলে অস্ত্র গেল কিভাবে? আর এ রকম হলে বুঝতে হবে এ নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি বা ঘাটতি রয়েছে।

 সেই পলাশের প্রথম স্ত্রী ছেলেকে নিয়ে থাকেন বগুড়ায় : বগুড়ার কলেজ পড়ুয়া ফাতেমা নুসরাত জাহান মেঘলাকে ভালবেসে ছয় বছর আগে বিয়ে করেছিল বিমান ছিনতাই চেষ্টাকারী হিসেবে পরিচিত নারায়নগঞ্জের সোনারগাঁয়ের মাহমুদ পলাশ। কিন্তু তার প্রতারণা বুঝতে পেরে তালাক দিয়েছে স্ত্রী মেঘলা। এখন সে বাবার বগুড়ার বাসায় পলাশের শিশু সন্তানকে নিয়ে বাস করে।

পলাশের প্রথম স্ত্রী ফাতেমা নুসরাত জাহান মেঘলার বাবার বাসা বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার ভাই পাগলা মাজারের পূর্ব পাশে । তার বাবা একজন আইনজীবি এবং মা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ২০১৩ সালে মেঘলা যখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী তখন ফেসবুকে পরিচয় হয় পলাশের সাথে। মাত্র ৬ মাসের পরিচয়ে বাবা-মার অমতে পালিয়ে পলাশকে বিয়ে করে মেঘলা। পলাশ তখন মেঘলাকে বলেছিলো তার বাবা বিদেশে থাকে। তাদের ঢাকায় বাড়ি আছে সেখানেই মেঘলাকে নিয়ে সে থাকবে। কিন্তুু পালিয়ে ঢাকায় বিয়ের পর মেঘলাকে নিয়ে যাওয়া হয় নারায়নগঞ্জের সোনারগাঁও থানার গ্রামের বাড়িতে।

মেঘলা বলেন, পলাশ এবং তার বাবা মার একটাই লোভ ছিলো স্বশুরবাড়ি থেকে টাকার প্রতি। তাকে মানষিক নির্যাতন করা হতো সবসময়। বলা হতো বাবা-মা বড়লোক, যাও টাকা নিয়ে এসো। মেঘলার বাবা-মা এক পর্যায়ে ঢাকায় বাসা ভাড়া করে ঘরের সমস্ত আসবাবপত্র কিনে দিলেও পলাশের মন ভরেনি। অন্য মেয়েদের সাথে তার অনৈতিক সম্পর্কসহ সব কিছু সহ্য করে ঘর করার চেষ্টা করে মেঘলা। ২০১৭ সালের প্রথম দিকে শিশু আয়ানের জন্ম হয়।

বগুড়ায় সর্বশেষ তখন এসেছিলো পলাশ। ছেলে হবার সংবাদ পেয়ে পলাশ এবং তার বাবা মা টাকা দেয়ার জন্য আগের চাইতে বেশি চাপ দিতো মেঘলার পরিবারের প্রতি। মানষিক নির্যাতন সইতে না পেরে ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে নিজে আত্নহত্যার (সুইসাইড) চেষ্টা করে মেঘলা। পরিবারের সদস্যদের সহায়তায় সে যাত্রা বেঁচে যায় সে । তবে এতো কিছুও ফিরাতে পারেনি পলাশকে। ২০১৮ সালের শুরুর দিকে নিজের ফেসবুক ও ইউটিউবে চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করার সংবাদ দেয় পলাশ। এটি জানতে পেরে ২০১৮ সালের মার্চ মাসে পলাশকে ডিভোর্স দেয় মেঘলা। এরপর থেকে তার সাথে আর কোন যোগাযোগ রাখেনি।

মেঘলার মা জানান, মেয়ে ভুল করেছে, তার শাস্তিও পেয়েছে। এখন সে তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে বেঁচে থাকতে চায়। পলাশ এবং পরিবারের সাথে অনেক আগে থেকেই তাদের সম্পর্ক ছিন্ন হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পি আর জাহানের ছেলে পলাশ। তার বাবা ১৯৯০ সাল থেকে বিদেশে থাকতেন। প্রথমে কুয়েত এবং পরে সৌদি আরবে ছিলেন তিনি। প্রবাসী বাবার দেওয়া টাকা-পয়সা নিয়ে উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন পলাশ। এর মধ্যে নাচগান থেকে শুরু করে চলচ্চিত্র শিল্পে জড়ান তিনি। কয়েকটি শর্টফিল্মও তৈরি করেন।

উল্লেখ্য, গত রোববার বিকেলে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারীর কবলে পড়েছিল। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয়। কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী কথিত মাহাদীই সেই মাহমুদ পলাশ।