ডেক্স রিপোর্ট : আইনপ্রণেতা পংকজ দেবনাথের গাড়ির চালক লাইসেন্স দেখাতে না পারায় আন্দোলনরত শিক্ষার্থীদের চাপে তার গাড়ির বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছে পুলিশ।
বাসচাপায় দুই কলেজছাত্রীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে ঢাকাজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্রবেশমুখ শনির আখড়ায় আটকা পড়েন আওয়ামী লীগের এই নেতা।
ডিএমপির ট্রাফিক বিভাগের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. জিয়াউজ্জামান জানান, শিক্ষার্থীরা সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের গাড়ি দুই ঘণ্টা আটকে রেখে পুলিশকে মামলা করতে ‘বাধ্য করেছে’।
দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির চালকের ভারী গাড়ি চালানোর সনদ না থাকার তথ্যটি প্রকাশের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে সব গাড়ির লাইসেন্স পরীক্ষা করছে।
তাদের হাতে ধরা পড়ছেন পুলিশ সদস্যরাও; বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি নিয়ম ভেঙে উল্টো পথে যাওয়ার সময় তাও আটকে দিয়েছিল শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শনিরআখড়ার দনিয়া স্কুলের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বরিশালের মেহেন্দিগঞ্জের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পংকজের গাড়ি থামিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স দেখতে চান। চালক তা দেখাতে না পারায় গাড়ি আটকে রাখে শিক্ষার্থীরা।
পংকজ আটকে থাকার সময় তাকে ছাড়িয়ে নিতে কদমতলী থানা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল ইসলাম রাজীব সেখানে গিয়েছিলেন। কিন্তু তিনিও সফল হননি।
দুই ঘণ্টার বেশি সময় পর পুলিশ মামলা করলে শিক্ষার্থীদের হাত থেকে ছাড়া পান সাবেক ছাত্রনেতা পংকজ।
দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, সিসিআর কলেজ, গোলাম মোস্তফা মডেল স্কুল অ্যান্ড কলেজ, নবারুন স্কুল অ্যান্ড কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করছিলেন।
