স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর বলেছেন , সরকার গণতন্ত্র ধ্বংস করেছে। তিনি আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিএনপির মানববন্ধন শেষে এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদশেকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে ষড়যন্ত্র করা হচ্ছে। এ কারণে বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের আটক করে কারাগারে বন্দি রাখা হচ্ছে। তাদের জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে নানারকম ষড়যন্ত্র চালাচ্ছে।
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। প্রায় সাড়ে চার হাজার বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াসহ আমাদের নেতা-কর্মীদের আটক রাখা হয়েছে। তাদের জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না।
বিএনপি মহাসচিব বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা কোনো ধরনের তদন্ত না করেই বিএনপিকে দায়ী করা হচ্ছে। আসলে আওয়ামী লীগ এমন ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসনে ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
