মে মাম থেকে বন্ধ হচ্ছে উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র

আন্তর্জাতিক ডেক্স : উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কেন্দ্র আগামী মে মাসে বন্ধ হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়।

স্থানীয় সময় শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জন-উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এক বৈঠকে কোরিয়া উপদ্বীপ থেকে পারমাণবিক নিরস্ত্রকরণের জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিল রেখে উত্তর কোরিয়া তার অঞ্চলিক সময়ও পরিবর্তন করবে। বর্তমানে দুদেশের সময়ে আধা ঘণ্টার পার্থক্য রয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির মুখপাত্র উন ইয়ং চান বার্তা সংস্থা এএফপিকে জানায়, চলতি সম্মেলনের সময় কিম জানিয়েছেন তিনি মে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধের কাজ সম্পন্ন করবেন।

উন ইয়ং চান আরও বলেন, উত্তর কোরিয়ার নেতা আরও বলেছেন শিগগিরই তিনি দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবেন যাতে তারা স্বচ্ছতার সঙ্গে পারমাণবিক প্রক্রিয়া পরীক্ষা করে দেখতে পারে।

তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

গত ২৭ এপ্রিল দুই দেশের সীমান্তবর্তী পানমুনজম গ্রামে কিম-মুনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণে একমত হয় দুই কোরিয়া। এ ছাড়া বৈঠকে চলতি বছরই একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করার জন্য যুক্তরাষ্ট্র ও চীনকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার এসেছে দুই নেতার কাছ থেকে।

সম্মেলন শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেন, ‘দুদেশের নেতারাই অতীতের ভুল পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়েছেন।’