খেলা ডেক্স : বিশ্বকাপ ফুটবলের সাথে ব্রাজিল নামটা যেভাবে জরিত, ঠিক সেভাবেই বর্তমান সাম্বার সাথে নেইমারের নাম সম্পৃক্ত। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ানরা ২০১৪ সালে নিজের মাটিতে কতটা বাজে খেলেছে, তা এখনো দুঃস্বপ্ন হয়ে চোখে ভাসে ব্রাজিল ভক্তদের। এই দূর্বস্থার মাঝেও মনে শান্তনা নেইমার থাকলে হয়তো সেদিন জার্মানির কাছে ৭-১ গোলে নাজেহাল হতে হতো না পেলের উত্তরসূরীদের। সেই দুঃস্বপ্ন এবারো ব্রাজিলের দরজায় দাড়িয়ে ছিল। তবে আশার খবর হলো, নেইমারকে বিশ্বকাপে পাওয়া যাচ্ছে নিশ্চিত।
গত ২৫ ফেব্রুয়ারি মার্শেইয়ের বিপক্ষে পিএসজির হয়ে খেলার সময় গোড়ালির চোটে পড়েন নেইমার। প্রাথমিকভাবে সেরে উঠতে সময় বেঁধে দেওয়া হয়েছিল তিন মাস। এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ব্রাজিল-সমর্থকেরা। কিন্তু নেইমারের চোটের দ্রুত উন্নতি ঘটছে বলে জানিয়েছেন ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রদরিগো লাসমার, ‘নেইমার খুব দ্রুত সুস্থ হয়ে ওঠার পথে। সুস্থ হওয়ার জন্য সে পরিশ্রম করছে। আশা করি বিশ্বকাপ দলের অনুশীলনে সে ভালো প্রস্তুতি নিয়েই যোগ দিতে পারবে।’ ব্রাজিলের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প হবে ২১-২৭ মে।
নেইমারের অস্ত্রোপচার হয়েছিল ৩ মার্চ। মাত্র কদিন হলো ক্রাচ ছেড়ে দিব্যি হেঁটে বেড়ানোর ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। আর তাকে বিশ্বকাপে পাওয়া যাবে, সে খবর তো দিয়েছেন স্বয়ং দলীয় চিকিৎসকই। কিন্তু চলতি মৌসুমে পাবে না তার ক্লাব দল প্যারিস সেইন্ট জার্মেই। প্যারিসের শেষ ম্যাচ ১৯ মে। আর নেইমারের চোটের চূড়ান্ত পরীক্ষা হবে ১৭ মে। এরপর পুরোদমে শুরু করবেন ফিটনেস ফিরিয়ে আনার কাজ।
