রক্ত দিয়ে হলেও বিমানকে লাভজনক করব : বিমানমন্ত্রী কামাল

নিজস্ব প্রতিবেদক : নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, রক্ত  দিয়ে , জীবন দিয়ে হলেও বিমানকে লাভজনক করবো। মন্ত্রী গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সব কথা বলেন।

বিমান মন্ত্রী বলেন, ‍‘বিমানে চড়লে ঠিকমতো সার্ভিস দেয় না। জনগণ ভালো সার্ভিস পায় না। এটা বাইরের লোকজন বলছে, বাইরের বদনামটা আমি শুনছি। আসলে বাইরে যতটুকু বদনাম শোনা যায় প্র্যাকটিক্যালি ততটা নয়। আমি এই বদনামকে ধুয়েমুছে সুন্দর করে পরিষ্কার করে দেব।’

তিনি বলেন, ‘বিমানকে লাভজনক করার জন্য আমার জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও আমি চেষ্টা করব। ৯ মাসে এটাকে লাভজনক প্রতিষ্ঠান করে দেব।’

মন্ত্রিসভায় যুক্ত হতে পারাকে ‘জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া’ উল্লেখ করে শাহজাহান কামাল বলেন, একটা নতুন জীবন এসেছে। এখন নতুন পরিকল্পনা নিয়ে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের জন্য কাজ করে যাবো। তিনি বলেন, ‘অনেকে বলেছে, আগুনে আপনাকে নিক্ষেপ করা হয়েছে। না না না, এটা আগুন নয়, এটা আমার জন্য পানি। যে পানি খাইয়্যা আমি জীবন বাঁচাই, সেটা আমার জন্য পানি।’