একুশে বার্তা রিপোর্ট : রাজধানীর দক্ষিণখানের কাওলায় প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের বিচার দাবি করে পোস্টার সাঁটানো হয়েছে পুরো দক্ষিণখান এলাকায়। এসব পোস্টারে সন্ত্রাসী ও আহতদের ছবি দেখে আতঙ্কে রয়েছে এলাকার সাধারণ মানুষ। আবারও এলাকার মানুষ ফের সহিংসতা ঘটার আশঙ্কা করছেন। হামালাকারী সন্ত্রাসী জেসিস মোল্লা বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।কিন্ত পুলিশ সন্ত্রাসীদের খুজে পাচ্ছে না। মূল ২ আসামি ছাড়া বাকি আসামীরা জামিনে এসে মামলার বাদীকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ।
পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
গত ২৬ জানুয়ারী দক্ষিণখানের কাওলায় স্থানীয় একদল সন্ত্রাসী চাপাতি দিয়ে কুপিয়ে নজরুল ইসলাম সুজনসহ তিনজনকে আহত করে। এ ঘটনায় গত ১০ ফেব্রুয়ারী সোমবার রাতে ১০ জনের নাম উল্লেখ করে দক্ষিণখান থানায় মামলা করেন মো: নজরুল ইসলাম সুজন। আসামিরা হলো : হাসান, জেসিস মোল্লা, আনোয়ার হোসেন আনু, সাদী, বিজয়, জোবায়ের মোল্লা, ফয়সাল মোল্লা, নাসির, আকাশ, পল্লব ও নিতুল।
এ ব্যাপারে দক্ষিণখান থানার মামলা নং-১৬, এজাহারে উল্লেখিত ১০ জন আসামী ছাড়াও আরোও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) কাজী নাসির উদ্দিন বলেন, মূল আসামি সোয়েব হাসান জেসিস মোল্লা ও আনোয়ার হোসেন আনু ছাড়া বাকিরা আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের টিম সক্রিয় রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশের নজরে আসে না।
