একুশে বার্তা প্রতিবেদন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের (ডিভিশন) আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো আলোকচিত্রী শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দেন।
গত ৬ আগস্ট শহিদুল আলমকে সাতদিনের রিমান্ডে পাঠান আদালত। পরবর্তীতে গত ১২ আগস্ট শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা দায়রা জজ আদালতে শহিদুলের জামিন শুনানির তারিখ ধার্য রয়েছে।
গত ৫ আগস্ট রাতে শহিদুল আলমকে তাঁর ধানমন্ডির বাসা থেকে ধরে নিয়ে যায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল। পরে তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ বলেন, শহিদুলকে ধরে নিয়ে গেছে ডিবি পরিচয়ে একদল লোক। এরপরে ডিবির পক্ষ থেকে শহিদুল আলম তাঁদের হেফাজতে আছেন বলে জানানো হয়।
পরের দিন বিকেলে ডিবি পুলিশের (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে রমনা থানায় মামলা করেন।
ওই মামলায় শহিদুলকে গ্রেপ্তার দেখানো হয়।
ওই দিনই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আরমান আলী আলোকচিত্রী শহিদুল আলমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। পরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আছাদুজ্জামান নূর শহিদুলকে সাতদিনের রিমান্ড দেন।
