শাহজালালে চার হাজার পিস ইয়াবাসহ যাত্রী শফিক আটক

একুশে বার্তা রিপোর্ট :  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে তিন হাজার ৮৩০ পিস ইয়াবাসহ শফিক উল্লাহ (৩৪) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)।

এএপির অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, সকাল ৯ টায় শফিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তা সংলগ্ন অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটকের পর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে পাকস্থলিতে ইয়াবা থাকার কথা জানান তিনি। পরে দীর্ঘ সময় ধরে তার পাকস্থলি থেকে ইয়াবাগুলো বের করা হয়। যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে শফিক জানিয়েছেন, মো. রফিক নামের এক ব্যক্তি টেকনাফ থেকে তাকে ইয়াবাগুলো দিয়ে ঢাকায় পৌছে দেয়ার কথা বলেছিলেন। এজন্য শফিককে ৩০ হাজার টাকা দেয়ার কথা ছিলো। শফিক কক্সবাজারের টেকনাফের নোয়াখালি পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা হয়েছে।