শাহজালালে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার :  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০৬ কার্টুন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।

মঙ্গলবার রাতে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় সিগারেটগুলো জব্দ করা হয়। যার বাজারমূল্য ১২ লাখ ৩৬ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়েত থেকে ছেড়ে আসা কেইউ-২৮৩ ফ্লাইটে অবৈধ সিগারেট আসার খবর পেয়ে বিমানবন্দরের ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজর রাখে গোয়েন্দারা। এ সময় ২ নম্বর ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় পাওয়া দুটি লাগেজ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।

তিনি জানান, যেগুলোর প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছিল না। যা আইনবহির্ভূত। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।