শাহজালালে ৩ স্বর্ণের বারসহ ইমিগ্রেশন পুলিশের এএসআই কামরুল আটক

একুশে বার্তা প্রতিবেদন : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি স্বর্ণের বারসহ ইমিগ্রেশন পুলিশের এক এএসআই কামরুলকে  আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনটি স্বর্ণের বারসহ ইমিগ্রেশন পুলিশের এএসআই মো. কামরুল ইসলামকে আটক করা হয়। তিনি শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশে ‘এ’ পালায়  কর্মরত।

বিমানবন্দর সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের দ্বিতীয়তলার ৬ নম্বর গেট দিয়ে বের হচ্ছিলেন এসআই কামরুল । গোপন সংবাদের ভিত্তিতে এ সময় তাকে চ্যালেঞ্জ করে কাস্টমস হাউজের কর্মকর্তারা।

একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে প্রতিটি ১০ তোলা ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করে গোয়েন্দারা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আজম মিয়া বলেন, ‘ ঘটনা জানা গেছে। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ওসি ইমিগ্রেশন ‘সি’ পালা এএসপি  তাসমিনের সাথে সেল ফোনে যোগাযোগ করলে তিনি প্রসংগ এড়িয়ে যান। পরবর্তীতে আবার সেল ফোনে কল দিলে ফোন রিসিভ করেননি।

‘সি’ পালায় কর্মরত একজন এসআই জানান, এএসআই কামরূল ‘সি’ শিফটে নেই। অপর এক এসআই জানান, ধৃত এএসআই কামরুল ‘এ’ পালায় কর্মরত। ‘এ’ পালা ০১ অক্টোবর রাত ১০টা থেকে শুরু হবে। তাহলে ধৃত এএসআই কামরূল কেন তার শিফটের ডিউটি না থাকাবস্থায় বিমানবন্দরে আসলেন এবং স্বর্নসহ ধরা গেলেন- বিষয়টি গোয়েন্দারা খতিয়ে দেখছে।