একুশে বার্তা ডেক্স : বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সম্প্রতি তার সঙ্গে কাউকে দেখা করছে দিচ্ছে না করাকর্তৃপক্ষ। এমনকি খালেদা জিয়ার পরিবারের সদস্যদেরকেও দেখা করার অনুমতি দেয়া হচ্ছে না। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। রাত ৮ টায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সাক্ষাতের জন্য কারাকর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলে তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদেরকে দেখা করার অনুমতি দেয় না।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, খালেদা জিয়া কারাকর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। তাহলে এখানে নিরাপত্তার প্রসঙ্গ কেন আসছে। দেশনেত্রী কারাগারে যাওয়ার পর আমরা দলের পক্ষ থেকে কয়েক দফা তাঁর সঙ্গে সাক্ষাত করেছি। তখন তিনি সাক্ষাত রুমে এসে আমাদের সঙ্গে দেখা করতেন। কিন্তু এখন তিনি এতোটাই অসুস্থ যে, বিগত এক মাস ধরে তিনি পায়ে হেঁটে সাক্ষাত রুম পর্যন্ত এসে আমাদের সঙ্গে দেখা করতে পারছেন না। দেখা করতে গেলে তার থাকার রুম পর্যন্ত গিয়ে আমাদের দেখা করতে হচ্ছে। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বার বার খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার আহ্বান জানানো হলেও সরকার তাতে কোন কর্ণপাত করছে না। এমনকি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার অসুস্থতা নিয়ে সংবাদ সম্মেলন করে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর সুচিকিৎসা না করা হলে স্মৃতি শক্তিও হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এখন খালেদা জিয়া কি অবস্থায় আছেন তা আমরা কোনও ভাবেই জানতে পারছি না। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায় অন্তত তাঁর পরিবারের সদস্যদের দেখা করতে দেয়ার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
