সন্ধ্যায় বিএনপির বৈঠক

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা পরবর্তী করণীয় ঠিক করতে আজ ১০ ফেব্রুয়ারি  শনিবার বৈঠকে বসছেন দলটির সিনিয়র নেতারা।  সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ  এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের থাকতে বলা হয়েছে।

দলের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে এ বৈঠকের সিদ্ধিন্ত নেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে থাকায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তার ছেলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।