সিআইডির সংবাদ সম্মেলন : শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে চাকরি দেবার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় দর্পন গ্রুপ : ৩ প্রতারক গ্রেফতার

ডেক্স রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন  থার্ড টার্মিনালে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। টার্মিনালের সুপারভাইজারসহ বিভিন্ন পদে ভুয়া নিয়োগপত্র দেখিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে জামানতের কথা বলে কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎকারী চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি জানান, ভুক্তভোগীরা প্রতেকের কাছ থেকে ৫০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত দিয়ে প্রতারণার শিকার হয়েছে। ১৫০ চাকরিপ্রত্যাশীর কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করেছে দর্পণ গ্রুপ নামের একটি ভুয়া প্রতিষ্ঠান। বুধবার (২০ জানুয়ারি) সিআইডির বিশেষ অভিযানে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, ভুয়া দর্পণ গ্রুপের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম সোহাগ (৫২), ব্যবস্থাপনা পরিচালক হেনা জহির (৫০) ও ম্যানেজার মিন্টল রায় ওরফে অপূর্ব রায় (২৮)।

প্রতারণা বিষয়ে চাকরি প্রত্যাশী ভুক্তভোগী সুজন মিয়া বলেন, যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাওয়ার পথে চোখে পড়ে সরকার মার্কেটের তিন তলায় ডিজিটাল ব্যানার লাগানো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী হয়ে কথা বলতে যাই। দর্পণ গ্রুপ নামের ওই অফিস থেকে জানানো হয়, সুপারভাইজার এক লাখ, অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫০ হাজার টাকা দিলেই কেবল চাকরি হবে।

তিনি আরও বলেন, আমরা তিনজন দু’দিন পর যাই সেই অফিসে যাই। তখন তারা ভাইভা নেয়। গত ৩০ নভেম্বর আড়াই লাখ টাকা নিয়ে আমাদের তিনজনকে ভুয়া নিয়োগপত্র প্রদান করা হয়। এরপর তারা ঘুরাতে থাকে। নভেম্বর মাস চলে গেলেও চাকরি হয় না। আবার করোনা টেস্টের কথা বলে আরও ৫ হাজার করে টাকা নেয়। পরে আবারও ঘুরাতে থাকে। আমাদের সন্দেহ হলে সবাই বিমানবন্দরে যাই। খোঁজ নিয়ে জানতে পারি এ ধরনের কোনো প্রতিষ্ঠান ওয়ার্কপারমিটই পায়নি।

এ বিষয়ে, সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা জানান, ভুয়া প্রতিষ্ঠানটি ‘Samsung’ গ্রুপের নামে একটি ভুয়া ওয়ার্ক-অর্ডার প্রস্তুত করে তাদের অফিসের সামনে ডিজিটাল ব্যানারে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ তে দক্ষ ও অদক্ষ লেবার ও সুপারভাইজার নিয়োগ দেয়া হবে’ এমন একটি বিজ্ঞাপন ঝুলিয়ে রাখে। এমন চমকপ্রদ বিজ্ঞাপন দেখে চাকরিপ্রত্যাশী ভুক্তভোগী অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে। কিন্তু এই প্রতিষ্ঠানটি একটি ভুয়া প্রতিষ্ঠান।