সিভিল এভিয়েশন : প্রকৌশল বিভাগের সিভিল ডিভিশন-১-২-এ কর্মচারীদের ওভারটাইম বিতরণে অনিয়ম : নাটেরগুরু ক্যাশিয়ার সাবের

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের প্রকৌশল বিভাগের সিভিল ডিভিশন-১ ও ২-এ কর্মরত কর্মচারীদের ওভারটাইম বিতরণে দীর্ঘদিন যাবত অনিয়ম চলছে বলে অভিযোগ ওঠেছে। তত্বাবধায়ক প্রকৌশলীর নাম ভাংগিয়ে এসব অনিয়মের নাটেরগুরু হিসেবে কাজ করছে ডিভিশনে কর্মরত ক্যাশিযার সাবের। প্রতিমাসেই ক্যাশিয়ার সাবের সিডি-১ এবং সিডি-২-এ কর্মরত কর্মচারিদের ওভারটাইম কর্তন করে ডিভিশনে কর্মরত কর্মচারীদের প্রাপ্য হিসাবের চেয়ে প্রায় তিনগুণ বেশি টাকা ওভারটাইম হিসেবে বিতরণ করছে। কিন্ত বিষয়টি অস্বীকার করেছেন ডিভিশনে কর্মরত হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হোসেন। তিনি বলেন, যারা অফিসে বসে বসে অতিরিক্ত ডিউটি করছেন তাদের ঘন্টাক্ষন হিসাব করে ওভারটাইম দেয়া হচ্ছে।
সিডি-১ এবং সিডি-২-এ কর্মরত কর্মচারীদের অভিযোগ থেকে জানা যায়, প্রকৌশল বিভাগ সিডি-১, সিডি-২ এবং ডিভিশন মিলে মোট কর্মচারি ১৬২ জন, প্রতিমাসে ওভারটাইম আসে ৬ লাখ ৩২ হাজার টাকা। এর মধ্যে সার্কেলে ১৯ জন, সিডি-১-এ ৮৯ জন এবং সিডি-২-এ ৫৪ জন কর্মচারী কর্মরত। সার্কেলে ১৯ জনকে প্রতিমাসে ওভারটাইম দেয়া হয় ১ লাখ ৩৪ হাজার টাকা, সিডি-১-এ ৮৯ জনকে ওভারটাইম দেয়া হয় ৩ লাখ ১৩ হাজার টাকা আর সিডি-২-এ ৫৪ জনকে মাসে ওভারটাইম দেয়া হয় ১ লাখ ৮৫ হাজার টাকা। সমবন্টনে জনপ্রতি প্রতিমাসে ৩ হাজার ৯০১ টাকা করে ওভারটাইম বন্টনের নিয়ম থাকলেও এ নিয়মের তোয়াক্কা না করে সার্কেলে কর্মরত ক্যাশিয়ার সাবেরের বন্টনকৃত হিসাবসিট অনুয়ায়ী সিডি-২-–এ কর্মরত কর্মচারীদের প্রতিমাসে ২৫ হাজার ৬৫৪ টাকা করে কম দেয়া হচ্ছে। সমবন্টনে সিডি-২-এ কর্মরত কর্মচারীরা প্রতিমাসে ওভারটাইম পাবে ২ লাখ ১০ হাজার ৬৫৪ টাকা।
সিডি-১ এবং সিডি-২-এ কর্মরত কর্মচারীদের অনেকেই অপারেশনালমুলক কাজের স্বার্থে প্রায় ২৪ ঘন্টাই অফিসের বাইরে ডিউটি করতে হয়। কিন্ত তাদের ওভারটাইম প্রতিমাসই কম দেয়া হয়ে থাকে। প্রতিবাদ করলে ক্যাশিয়ার সাবের তত্বাবধায়ক প্রকৌশলীর দোহাই দিয়ে থাকেন।
এ ব্যাপারে কথা বলতে তত্বাবধায়ক প্রকৌশলী একেএম মাকসুদুল ইসলামের সাথে কথা বলতে তার অফিসে গিয়ে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সার্কেলে কর্মরত হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হোসেন জানান, অফিসে বসে বসে যারা ডিউটি করছে তাদের ওভারটাইম ঘন্টা বেশি হওয়ায় তাদের বেশি ওভারটাইম দেয়া হচ্ছে। আর যারা বাইরে ডিউটি করছে তাদের ওছভারটাইম ঘন্টা কম হওয়ায় তাদের কম টাকা ওভারটাইম দেয়া হচ্ছে।