একুশে বার্তা ডেক্স : রংপুর স্পেশাল জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে হত্যার ঘটনায় তার স্ত্রী স্নিগ্ধা সরকার ভৌমিক ও তাঁর দুই ছাত্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে রংপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে তারা ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন। একই আদালত হত্যা মামলার আরেক আসামি কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রথীশ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রংপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, রথীশ হত্যা মামলায় গ্রেফতার চারজনকে গত রাতে আদালতে হাজির করা হয়। এর মধ্যে নিহত রথীশের স্ত্রী স্নিগ্ধা সরকার ভৌমিক ও তাঁর দুই ছাত্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।
অন্যদিকে অপর আসামি স্নিগ্ধা সরকারের সহকর্মী তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, পাঁচ দিন নিখোঁজ থাকার পর গত ৩ এপ্রিল রাতে রংপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনার লাশ উদ্ধার করে র্যাব-১৩ সদস্যরা।
