‘অস্ত্র চোরা কারবারির নৌকার প্রার্থিতা’ -মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেক্স রিপোর্ট : টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির সম্পর্কে একটি অনলাইন পত্রিকা ও একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ২৪ নভেম্বর  শনিবার  সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত ২২ নভেম্বর ‘অস্ত্র চোরাকারবারি’র নৌকার প্রার্থিতার খবরে এলাকায় ‘আতঙ্ক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়

এতে লিখিত বক্তব্যে তানভীর হাসানের বড়ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, গত ২২ নভেম্বর আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, চোরাচালান ও হত্যাসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে একটি অনলাইন ও টিভি চ্যানেলে সংবাদ প্রকাশ হয়। এর রেশ ধরে ওই চ্যানেলে টকশোতে আলোচনা করা হয়। আগামী সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আমার ছোটভাই তানভীর হাসান মনোনয়ন পেতে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে গোলাম কিবরিয়া বলেন, ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মান থেকে আসা মো. মনির বিন আলী ও আনিছুল ইসলাম তালুকদার নামক দুই জার্মান প্রবাসী খেলনা পিস্তলসহ গ্রেফতার হন। এব্যাপারে কাস্টম কর্মকর্তা বাদি হয়ে বিমানবন্দর থানায় ওই দুজনকে আসামী করে মামলা করেন। গ্রেফতারকৃতদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বিমানবন্দরে ওই দুজন গ্রেফতারের পরেই আমাদের দুই ভাইয়ের নামে একটি মহল অপপ্রচারে নামে। আমরা যেহেতু জার্মানে থাকতাম আর গ্রেফতারকৃতরাও জার্মান প্রবাসী। এছাড়া গ্রেফতারকৃত একজনের নাম মনির। এই নামের মিলকে পুঁজি করে একটি মহল মিথ্যা, ভিত্তিহীন খবর পরিবেশনের মাধ্যমে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক জামিলুর রহমান মিরন বলেন, বেসরকারী ওই টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালকের শ্যালক গোপালপুর-ভুয়াপুর আসনে প্রার্থী হয়েছেন। সে কারনে উদ্দেশ্য প্রণোদিতভাবে  মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক পৌর কাউন্সিলর আমিনুর রহমান আমীন, বাসকোচ মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী, জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম তুষারসহ আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।