আওয়ামীলীগ- বিএনপি চালায় কে, প্রশ্ন পাল্টা প্রশ্ন ?

বিশেষ সংবাদদাতা : রাজনৈতিক অংগনে বড় দুই দলের চালাচালি নিয়ে মাঠ সরগরম হয়ে ওঠেছে। দুই দলের মহাসচিব-সাধারন সম্পাদক পর্যায়ে আওয়ামীলীগ- বিএনপি কে চালায় তথা দেশ কে চালায় প্রশ্ন পাল্টা প্রশ্ন জুড়ে দিয়েছেন। বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামীলীগ চালায় কে ? আবার একই সুরে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরও বিএনপি মহাসচিব বরাবর পাল্টা প্রশ্ন জুড়ে দিয়ে বলেছেন, বিএনপি চালায় কে ? এই দুই দলের দুই মহাসচিবের কথাবার্তা রাজনৈতিক মাঠ বেশ গরম হয়ে ওঠছে। সাধারন জনতা এ সব প্রশ্নে চিন্তা করছেন আসলে বড় এই দুই দলের ভিতর এ সব কি হচ্ছে। এরা কি আসলে রাজনীতিতে সহশীলতা বজায় রাখবে , নাকি রাজনীতিতে অস্থিরতা চলতেই থাকবে , নাকি রাজনীতিতে সুবাতাস প্রবাহিত হবে।
দুই দলের শীর্ষ পর্যায়ের দুই নেতার কথাবার্তায় সাধারন জনতা মনে করছেন রাজনীতিতে দ্বিধাদ্বন্ধ চলতেই থাকবে, এর কি কোন সমাধান হবে না। আবার কি ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন আমরা উপহার পাবো?

আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অন্য কেউ : মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নয়, ‘অন্য কেউ দেশ পরিচালনা’ করছে। গত বৃহস্পতিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। দুইদিন গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে দুপুরে নয়া পল্টনের কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব।
গত সোমবার বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মতবিনিময়ে মির্জা ফখরুল বলেন, মাঝে-মধ্যে আমার সন্দেহ আওয়ামী লীগ কী সত্যি দেশ চালাচ্ছে? এজ এ পলিটিক্যাল আওয়ামী লীগ কী দেশ চালাচ্ছে? না অন্য কেউ চালাচ্ছে? আমার তো মনে হয় কোনো রাজনৈতিক দল দেশ চালাচ্ছে না। অন্য কেউ দেশ চালাচ্ছে। এটাই আমাদের কাছে সন্দেহ হয়। একটা গণতান্ত্রিক দল কখনোই এইভাবে নিজের হাতে তৈরি করা তার সন্তান, যার জন্য সে লড়াই করেছে, যুদ্ধ করেছে.. তারা কেয়ারটেকার সরকারকে জবাই করেছে, গণতন্ত্রকে আরেকবার জবাই করেছে। এটাকে কী বলবে?
খালেদা জিয়া কারাগারে তার প্রাপ্য সুবিধা পাচ্ছেন না অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কারাগারে প্রথম ৩/৪ দিন তাকে ডিভিশন দেওয়া হয়নি। তাকে পরিত্যক্ত নির্জন একটা কারাগারে রাখা হয়েছে। সভ্য ও গণতান্ত্রিক দেশে এর নজির আপনি খুঁজে পাবেন না।
ফখরুল বলেন, এখন বর্তমানে তার ব্যক্তিগত চিকিৎসকদের নিয়ে যে আচরণটা করা হচ্ছে, এখান থেকে এটা পরিষ্কার এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঠিক চিকিৎসাও দিতে চায় না। কারণ একটাই- তারা তাকেই ভয় পায়। তিনি একমাত্র গণতন্ত্র রক্ষা করতে পারেন, এই অটোক্রেসিকে পরাজিত করতে পারেন, জনগণকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দিতে পারেন।
২০ দলীয় জোটের ঐক্য অটুট রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ২০ দলীয় জোট তাদের অবস্থানে সঠিক আছে এবং কোনো বিভেদ নেই। তারা সঠিকভাবে কাজ করছে, সব সময় তারা জোটের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিতে আন্তরিকভাবেই করছে। দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনকে ‘ক্ষমতাহীন’ প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেন মির্জা ফখরুল।
সদ্য কারামুক্ত স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার মনে হয়, সরকার খালেদা জিয়াকে বের হতে দেবে না। কারণ আদালতের কিছু করার নেই। আদালত তাদের পুরো নিয়ন্ত্রণে চলে গেছে। তা না হলে রায়ের ৭ দিনের মধ্যে বেগম জিয়া মুক্তি পেতেন। সরকার রাজনৈতিক বিবেচনায় উনাকে জেলে রেখেছে। সুতরাং রাজনৈতিকভাবে তাকে আমাদের মুক্ত করতে হবে। আমার মনে হয়, খালেদা জিয়ার মুক্তি নিয়ে আমাদের রাজনৈতিক কর্মকান্ড সীমাবদ্ধ রাখব না আর। সময় এসেছে, আজকে সরকারের পতন ঘটানোর। সরকারের পতন হলেই খালেদা জিয়া মুক্ত হবে, জনগণ মুক্তি পাবে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সদ্যকারামুক্ত চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি কে চালায় -মির্জা ফখরুলকে পাল্টা প্রশ্ন ওবায়দুল কাদেরের : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি নামক দলটা কে চালায়? দেশে থেকে কেউ চালায় না বিদেশ থেকে চালায়? এই প্রশ্নের জবাব দিন?
গত বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশে নির্বাচনী অফিসে দলের যুব ও ক্রীড়া উপ-কমিটির সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল দুপুরে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে মির্জা ফখরুল বলেছিলেন, আমার তো মাঝে-মাঝে মনে হয়, সত্যিই কি আওয়ামী লীগ দেশ চালাচ্ছে? অ্যাজ অ্যা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ কি দেশ চালাচ্ছে? আমাদের তো মনে হয়, কোনো রাজনৈতিক দল দেশ চালাচ্ছে না। এটাই আমার সন্দেহ।
মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা একটা বৈধ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালাচ্ছি। ওনি (ফখরুল) এর মধ্যে এখন কোন অজানা শক্তির আবিষ্কার করলেন? সেই শক্তিটা কে? আমরা জানতে চাই- এটা পরিষ্কার করে বলুন, এই অজানা শক্তিটা কে? বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা অশান্তি-অস্থিরতা সৃষ্টির কত পায়তারা করলেন। কিন্তু দেশ এখনো শান্তিতে আছে। দেশে কোনো অস্থিরতা নেই। দেশ এখন এশিয়ার অনেক দেশের চাইতে আমাদের দেশের পরিস্থিতি অনেক বেশি স্টেবল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো একেক জন একেক সময় একেক কথা বলেন। আপনাদের পার্টিটা কে চালায়? এক দলে এতো কথা কেন? একই দলের এক অঙ্গে এতো রূপ কেন? এটা তো বুঝতে পারি না। আপনাদের দল কে চালায়? টেমস নদীর পাড় থেকে কে সুতা টানে? কিভাবে চলে? পার্টি কি দেশের কেউ চালায়, না বিদেশ থেকে চালায়- এই প্রশ্নের জবাব দিন।
সভায় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার ও নারী ভোটারদের প্রতি দৃষ্টি রেখে দলীয় কাজ করারও নির্দেশনা দেন ওবায়দুল কাদের। একই সঙ্গে উপ-কমিটির পদ ব্যবহার করে পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডের মাধ্যমে কেউ যাতে নির্বাচনী এলাকায় ডিস্টার্ব না করে সে বিষয়েও সতর্ক করেন তিনি। যুব ও ক্রীড়া উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব হারুনুর রশীদসহ কমটির সদস্যররা।