একুশে বার্তা ডেক্স : বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা ২২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খারাপ আবহাওয়ার জন্য বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে বিমান সূত্র জানিয়েছে। ২৯ জন যাত্রী ও ৪ ক্রুর সবাই কম বেশি আহত হলেও প্রাণে বেঁচে যান সবাই। আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, বিমানের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী বিজি ০৬০ ফ্লাইটটি বিকাল ৩টা ৪৫ মিনিটে শাহজালাল থেকে উড্ডয়ন করে।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ২২মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজে ২৮ জন প্রাপ্ত বয়স্ক এবং ১ জন শিশু যাত্রী ছিলেন।
এছাড়া ২ জন বৈমানিক ও ২ জন কেবিন ক্রু ছিলেন। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, উড়োজাহাজটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৩ জন আরোহী ছিলেন। একজন গুরুতর আহত হয়েছেন। তার পা ভেঙে গেছে। এদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকী সবাইকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটাল ও ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন শামিম। জরাজীর্ণ ওই ড্যাস-৮ কিউ ৪০০ উড়োজাহাজটি অনেকদিন থেকে ভালে চলছিল না। বিমানটি লিজে চালাচ্ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে ফ্লাইটটি দুর্ঘটনায় পড়ার পর বিমানবন্দরে বিমান চলাচল আপাতত স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই বিমানবন্দরে উদ্দেশ্যে যাওয়া বিমানগুলোকে থাইল্যান্ডের চিয়াং মাই বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দিয়েছে
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় সূত্রে পাওয়া ছবিতে দেখা গেছে বিমানটি ছিটকে পড়ে রানওয়ের পাশে ঘাসের মধ্যে পড়ে আছে। এটি ভেঙে তিন টুকরো হয়ে গেছে।
এর আগে গত বছরের ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি ইউএস বাংলার এই ফ্লাইট বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ২৭ বাংলাদেশীসহ ৫১ জন মারা যান। দুর্ঘটনায় পড়া ওই বিমানটিও কানাডার কোম্পানী বোম্বারডিয়ারের ড্যাশ-৮ মডেলের ছিল।
