ডেক্স রিপোর্ট : : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ক্ষমতা দখল করে যিনি বসে আছেন। তিনি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছেন যে আর কোনো নির্বাচনে জয়লাভ করতে পারবেন না। আর সেজন্যই আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা ‘বাকশাল’ নিয়ে আসার কথা ভাবছেন।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ।
মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন ব্যবস্থা নিঃসন্দেহ এ দেশের জনগণের জন্য একটা আতংকের সংবাদ। মানুষ কখনো এক দলীয় শাসন মেনে নেবে না। এ দেশের মানুষ সব সময় প্রতিবাদ করেছেন, বিজয় ছিনিয়ে এনেছে।
তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য যে যিনি (খালেদা জিয়া) সবচেয়ে বেশি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি আজ কারাগারে। শুধু তাই নয় তিনি অসুস্থ। তার চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না। আসুন আমরা সবার আগে তার মুক্তিকে তরান্মিত করি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, জে এস ডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।
