একুশে বার্তা ডেক্স : শেষ হয়েছে তুরাগ তীরের ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। ১২ জানুয়ারি রোববার বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয় মোনাজাত। শেষ হয় পৌনে ১১টা ৪৬ মিনিটে।
৩৫ মিনিটের মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাগ পাড়। দু’হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। মোনাজাতে লাখ লাখ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে পুরো টঙ্গী প্রকম্পিত হয়ে উঠে।
মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে তিনি বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করেন।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। ইমান-আমল ও আত্মশুদ্ধি অর্জন করতে আল্লাহর সাহায্য চাওয়া হয়।
ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই ছিলো না। হেঁটে সামনে এগোনোর সুযোগ না পেয়ে যেখানে আছেন, সেখানেই বসে মোনাজাতে অংশ নেন। আশপাশের সড়কসহ বিভিন্ন সড়ক ও এলাকার অলিগলি লোকে লোকরন্য।
বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম
এ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি, শেষ হবে ১৯ জানুয়ারি।
বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত মারা যান আরও পাঁচ মুসল্লি। এ নিয়ে ময়দানে ৯ মুসল্লি ইন্তেকাল করলেন।
ইজতেমার রেওয়াজ অনুযায়ী দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। মাঝে কয়েক বছর বন্ধ থাকার পর শনিবার আবারও এ ঐতিহ্যে ফিরলো ইজতেমা। এদিন বয়ানমঞ্চে ১০০ জোড়া যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। এসব বিয়ে পড়ান মাওলানা জোহায়েরুল হাসান।
