একুশে বার্তা ডেস্ক : দেশের বিদ্যুৎ সেক্টরের প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) দীর্ঘদিন যাবৎ হাজার হাজার কোটি টাকা লোকসানের দায় মাথায় নিয়ে চলছে। ২০০৬-০৭ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত পিডিবি’র লোকসান ৪২ হাজার ৯৫৬ কোটি টাকা। আর সরকারকে প্রতি অর্থবছর পিডিবি’র জন্য মোটা অংকের টাকা ভর্তুকি হিসাবে প্রদান করতে হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
পিডিবি’র এই লোকসান কবে বন্ধ হবে সে সম্পর্কে সংশ্লিষ্ট কারো কাছে উত্তর নেই। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় পিডিবিকে বেশি টাকায় বিদ্যুৎ কিনে কম টাকায় গ্রাহকদের মধ্যে বিতরণ করতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন খাত এখন আর পুরোপুরি সরকারের হাতে নেই। বেসরকারি বিদ্যুৎ বিশেষ করে রেন্টাল বিদ্যুতের রেট আরও বেশি। কিন্তু দেশের চাহিদার কারণে এখনো রেন্টাল বিদ্যুৎ থেকে বেরিয়ে আসতে পারেনি পিডিবি। এ কারণেই পিডিবি’র লোকসান বন্ধ হচ্ছে না। গত ১২ বছরে পিডিবি’র লোকসানের দিকে তাকালে দেখা যায়, ২০০৬-০৭ অর্থবছরে লোকসান ছিল ৩শ কোটি টাকা। ২০০৭-০৮ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৯শ কোটি টাকা। ২০০৮-০৯ অর্থবছরে লোকসান ১ হাজার ৬ কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে লোকসানের অবস্থা একই রয়েছে অর্থাৎ ৯শ কোটি টাকা। কিন্তু ২০১০-১১ অর্থবছর থেকে এই লোকসান মারাত্মকভাবে বেড়ে যায়। ওই বছর লোকসানের পরিমাণ ছিল ৪ হাজার কোটি টাকা। একইভাবে ২০১১-১২ অর্থবছরে তা দাঁড়ায় ৬ হাজার ৩৫৬ কোটি টাকা। : ২০১২-১৩ অর্থবছরে ৪ হাজার ৪৮৬ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে ৬ হাজার ১শ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে সর্বাধিক ৮ হাজার ৯৭৮ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছর থেকে আবার এই লোকসান কমতে শুরু হরে। ওই বছর লোকসান ছিল ৪ হাজার ৩৬৫ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৯৪ কোটি টাকা। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে এই লোকসান এসে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৮ কোটি টাকা। : বিশেষজ্ঞদের মতে, পিডিবিকে লোকসান থেকে বেরিয়ে আসতে হলে বিদ্যুতের মূল্য যেমন কিছুটা বাড়াতে হবে তেমনই রেন্টাল বিদ্যুৎ থেকে বেরিয়ে আসতে হবে। একই সাথে তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদন থেকেও বেরিয়ে আসতে হবে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লা, গ্যাস বা এলএনজিকে প্রাধান্য দিতে হবে। এছাড়া সিসটেম লস এবং চুরি বন্ধ করতে হবে। : এ ব্যাপারে পিডিবি’র পরিচালক সাইফুল হাসান চৌধুরী বলেন, ‘লাভ করাতো পিডিবির লক্ষ্য নয়। গ্রাহকসেবা দেয়াই আমাদের প্রধান লক্ষ্য। এ কারণেই বেশি দামে বিদ্যুৎ কিনে আমরা কম দামে গ্রাহকদের সরবরাহ করছি।’ তিনি বলেন, লোকসানের পরিমাণ এখন অনেকটাই কমে এসেছে। কয়লাভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে এলে এই লোকসান আর থাকবে না। : :
