একুশে বার্তা প্রতিবেদন : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার নিশিরাতে কাস্টমস গোয়েন্দারা অভিযান চালিয়ে ৬ কোটি টাকার সোনার বারসহ ভারতীয় নাগরিক আরশাদ আয়াজ আহমেদ (৪৬)কে গ্রেফতার করেছে। তার বলয় থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারলাইনসের টিজি৩৩৯ ফ্লাইট থেকে বিমানবন্দরে নামার পর ওই যাত্রীকে আটক করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের ওজন ১২ কেজি ৩০০ গ্রাম। এর বাজারমূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে টিজি৩৩৯ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর আরশাদ আয়াজ আহমেদকে আটক করা হয়। পরে তাকে শুল্ককর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তা অস্বীকার করেন।
পরে তার দেহ তল্লাশি করে কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ২২টি স্বর্ণের বার পাওয়া যায়।
