ওবায়দুল কাদেরের ঘোষণা : প্রধানমন্ত্রীর নামে পদ্মাসেতুর নামকরণ

একুশে বার্তা রিপোর্ট : নির্মাণাধীন পদ্মাসেতু বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করা হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ার সেতু প্রকল্প এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, নদীর নামে সেতুর নামকরণ করার ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বারবার বলেছেন।  কিন্তু সংসদ সদস্য এবং বাইরের জনমত হলো আমাদের প্রধানমন্ত্রীর নামেই এ সেতুর নামকরণ হোক। তাই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জনমতের প্রতিফলন ঘটাতে চায়।

প্রন্ধানমন্ত্রীর নামে সেতুর নামকরণের ব্যাপারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক  সংগঠন থেকে বহু চিঠিপত্র এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক  সংগঠন থেকে বহু চিঠিপত্র এসেছে। সবার অভিমত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেতুর নামকরণ করা হোক। জনমতের প্রেক্ষিতে সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মাসেতু’ রাখার বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর একক  সাহসের কারণেই আজ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু দৃশ্যমান হয়েছে। স্বপ্নেও ভাবতে পারি না কারো সাহায্য ছাড়াই এই সেতু নির্মাণ হচ্ছে। তাই ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মাসেতুর নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি ‘শেখ হাসিনা পদ্মাসেতু’।

এসময় মন্ত্রী আরো জানান, আগামী বছরেই পদ্মাসেতুর উদ্বোধন হবে। পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি ৫৯ শতাংশ ও মূল সেতুর অগ্রগতি ৭০ শতাংশ। আগামী ১৩ই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প এলাকায় এসে ৬০ শতাংশ কাজের উদ্বোধন করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মাসেতু প্রকল্পের প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের প্রমুখ।