টাংগাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা : ডিজিটাল নিরাপত্তা আইনে দায়িত্বশীল সাংবাদিকদের ভয়ের কারণ নেই

টাংগাইল সংবাদদাতা : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, যারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ট সাংবাদিকতা করেন তাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। স্বাধীন সাংবাদিতার নামে যারা অপসাংবাদিকতা করছে, মানুষের চরিত্র হরণ করছে, দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদয়িতকার উপর আঘাত করছে, তাদের দমন করার জন্যই এ আইন করা হয়েছে।
যারা প্রকৃত সাংবাদিকতা করবেন তাদের উপর এ আইন প্রয়োগ হবে না। যদি হয় তবে আমরা সাংবাদিক সমাজ এর প্রতিবাদ করবো। শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকার সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে এবং এ কাজ অনেক দূর এগিয়েছে। নমব ওয়েজবোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশী ইলেক্ট্রনিক মিডিয়াও অর্ন্তভুক্ত করা হবে।’ এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইকবাল সোবহান চৌধুরী দুপুরে টাঙ্গাইলের কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত তিন তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে দেশকে স্বাধীন করেছিলাম। সেদিন সেই যুদ্ধে আমাদের অস্ত্র ছিল গোলাবারুদ-বন্দুক। কিন্তু শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মের অস্ত্র হবে জ্ঞান ও শিক্ষা।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম ও দৈনিক সময়ের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার।
বিকেলে ইকবাল সোবহান চৌধুরী কালিহাতী উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজের এক নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।