ওমরাহ করতে সৌদি গেলেন মেনন দম্পতি

একুশে বার্তা ডেক্স : পবিত্র ওমরাহ পালন করতে সস্ত্রীক সৌদি আরব গেলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

বুধবার রাতে জেদ্দার উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা।

ওয়ার্কার্স পার্টির দলীয় সূত্র জানায়, রাশেদ খান মেনন ও তার স্ত্রী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান বিউটি ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গিয়েছেন। বাংলাদেশ বিমানের (বিজি ০৩৫) ফ্লাইটে বুধবার রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ওমরাহ শেষে আগামী ১১ এপ্রিল তাদের ঢাকা ফেরার কথা রয়েছে।

গত মাসের শুরুর দিকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বামপন্থী এ রাজনীতিবিদ।

কওমি মাদ্রাসা ও হেফাজতে ইসলাম বিষয়ে সংসদে দেয়া তার বক্তব্যে ক্ষোভ সৃষ্টি হয় ধর্মীয় অঙ্গনে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যকে ‘ধৃষ্টতা’আখ্যায়িত করে তা এক্সপাঞ্জ করারও দাবি জানিয়েছিলেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।