খালেদাকে দেখতে খাবার নিয়ে কারাগারে গেলেন ভাই ও বোন

একুশে বার্তা ডেক্স : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে গেছেন তার পরিবারের চার সদস্য।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার, তাঁর সহধর্মীণী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার এবং খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম কারাগারে প্রবেশ করেন।

এর আগে বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর তাঁরা কারাগারে প্রবেশ করেন।পরে বিকাল ৫টা ১০ মিনিটে তারা কারাগার এলাকা ত্যাগ করেন।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার স্বজনদের কারাগারে প্রবেশ করানো হয়। সাক্ষাতের জন্য তাদের ৪০ মিনিট সময় দেওয়া হয় বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, এই চারজন খাবার নিয়ে ভেতরে প্রবেশ করেন। বিকেল ৩টার দিকে তারা একটি সাদা গাড়িতে করে কারা ফটকে আসেন। প্রায় আধঘণ্টা অপেক্ষা করার পর তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।