রাজধানীতে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধা, আটক কয়েকজন

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পর দেয়া কর্মসূচি অনুযায়ী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে। জুমার নামাজের পরপর রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি মিছিল ফকিরাপুল হয়ে নয়া পল্টনের দিকে আসতে থাকে। এসময় মিছিলে পুলিশ বাধা দেয় এবং মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
খালেদা জিয়ার মুক্তি চেয়ে দলের শান্তিপূর্ণ মিছিল থেকে আটকের ঘটনা প্রসঙ্গে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, জানমালের নিরাপত্তা দিতে আমরা সবকিছু করছি। বিক্ষোভকারীদের কয়েকজন আবাসিক এলাকায় প্রবেশ করেছিলেন। সে কারণেই আটক করা হয়েছে।
প্রসঙ্গত, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে সারাদেশে আজ ৯ ফেব্রুয়ারি বিক্ষোভ করছে তার দল।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে দেখা যায়, জুমার নামাজ শেষ হওয়ার পর দলীয় নেতাকর্মীরা মসজিদের উত্তর গেট থেকে মিছিল শুরু করেন। কয়েকশ নেতাকর্মীর মিছিলটি দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে স্লোগান দিলে অফিসের উপর থেকে রিজভীসহ অন্য নেতারা হাত নেড়ে স্বাগত জানান।

মিছিলে অন্যদের মধ্যে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ অংশ নেন।