একুশে বার্তা ডেক্স : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাকে মুক্ত করার এখতিয়ার আদালতের কাছেই। এটি বিএনপিও জানে। তবে তিনি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে সাজা মওকুফ চাইতে পারেন। তাকে ক্ষমা করার এখতিয়ার রাষ্ট্রপতির আছে। সুনামগঞ্জের তাহিরপুরে গতকাল একটি সেতুর নির্মাণকাজ উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও একটি দলের প্রধান হিসেবে কারাগারে খালেদা জিয়াকে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বিএনপি এখন যেসব কথা বলছে, সেটি বিরোধী দলের কথা। ক্ষমতার বাইরে থাকলে এসব বলতে হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়সভায় মন্ত্রী আরও বলেন, হাওর এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ হচ্ছে। তিনি হাওর এলাকার উন্নয়নে খুবই আন্তরিক। ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
