স্টাফ রিপোর্টার : ‘কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা রাজাকারের বাচ্চা’ এই বক্তব্যের জন্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কঠোর সমালোচনা করে জাতির কাছে দুঃখ প্রকাশের আহবান জানালেন যুক্তফ্রন্ট নেতারা। যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, যুক্তফ্রন্ট নেতা ও জেএসডির সভাপতি আসম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না গত বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে এ আহবান জানান।
তারা কোটা সংস্কারের জন্য আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে পুলিশি ও ক্ষমতাসীন দলীয় লোকজনের নির্যাতনকে সরকারের স্বৈরাচারী আচরণ উল্লেখ করে কোটা পদ্ধতির যুক্তিসংগত সংস্কারের দাবি জানিয়েছেন। যুক্ত বিবৃতিতে নেতারা বলেন, কোটা সংস্কারের ব্যাপারে ছাত্রদের আন্দোলনের প্রতিক্রিয়া হিসেবে সরকার যা বলেছেন তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশি ও ক্ষমতাসীন দলীয় লোকজনের নির্যাতন আমাদের স্বৈরাচারী পাকিস্তান আমলের কথা মনে করিয়ে দেয়, এটা দুর্ভাগ্যজনক। সরকারের একজন মন্ত্রী যখন বলেন, যারা আন্দোলন করে তারা রাজাকারের বাচ্চা’ এটা অবাঞ্ছিত এবং অপমানজনক। তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দু:খ প্রকাশ করা উচিত বলে আমরা মনে করি।
বিবৃতিতে যুক্তফ্রন্টের এই নেতারা আরো বলেন, আন্দোলনরত ছাত্রদের দাবি যুক্তির সঙ্গে শুনতে হবে এবং অবিলম্বে তা বিবেচনা করতে হবে। তারা বলেন, মুক্তিযোদ্ধা এবং পাহাড়ি অঞ্চলসহ কিছু কিছু কোটা সংরক্ষণ যুক্তিযুক্ত, কিন্তু এটা সিম্বলিক হতে হবে, বড় অংশ নয়। নেতারা আরো বলেন, কোটাতে যারা আসবেন তারা সাধারণ স্কোরের চাইতে শতকরা ৫ ভাগের নিচে হলে তাদের কোটাতে দেওয়া যাবে না। মোট মেধাবী ছাত্রদের তুলনায় তাদের মোট কোটা কোটাভিত্তিকের সংখ্যা নির্ধারণ করতে হবে অত্যন্ত যুক্তির সঙ্গে। এই ধরণের একটা সংস্কার খুব প্রয়োজন বলে আমরা মনে করি। নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর আক্রমণকে অবাঞ্চিত উল্লেখ করে এর দ্রæত তদন্ত ও বিচার দাবি করেন।
