ঘূর্ণিঝড় ‘ফণী’ : বিমানের ৬ ফ্লাইট বাতিল

একুশে বার্তা রিপোর্ট : ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে  শাহজলালে  আভ্যন্তরীন ও আন্তর্জাতিক ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার সকালে শাহজালাল বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ার, নভোএয়ার ও স্পাইস জেটের কলকাতাগামী চারটি ফ্লাইট বাতিল করা হয়। পরে অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের ঢাকা-চট্টগ্রাম বিজি ৪১৩ এবং চট্টগ্রাম-ঢাকা বিজি ৪১৪ ফ্লাইটও বাতিল করা হয়।

বাংলাদেশ বিমান, রিজেন্ট ও ইউএস বাংলার চারটি ফ্লাইটের সকালের যাত্রা বিলম্ব করে বিকেলে সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আজকের ঢাকা-কলকাতা বিজি ০৯১ ফ্লাইট বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিলম্ব করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ এসব তথ্য জানান। তবে বিমানবন্দরে অন্যান্য দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ এপ্রিল শুক্রবারও বিমানের ঢাকা-যশোর ‘বিজি ৪৬৭’ ও যশোর-ঢাকা ‘বিজি ৪৬৮’ ফ্লাইট দুটি বাতিল করা হয়। এদিন ঢাকা-রাজশাহী ও রাজশাহী-ঢাকা রুটে বিমানের আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়।