চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

খেলা ডেক্স : উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পান তিনি। ফলে বেশ কিছুদিন থেকেই মাঠের বাইরে আছেন। সর্বশেষ শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নিদাহাস ট্রফি থেকেও ছিটকে গেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে আঙুলের চোট সারাতে এখন অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন তিনি।

এর আগে দেশে আঙুলের চিকিৎসা করিয়েছিলেন সাকিব। পরে নিদাহাস ট্রফিতে খেলার জন্য থাইল্যান্ডে দু’জন অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হয়েছিলেন। চিকিৎসকরা তাকে ফিজিওথেরাপি গ্রহণের পরামর্শ দিয়েছিলেন। তবে যেকোনো দেশেই ফিজিওথেরাপি নেয়া সম্ভব বলে দ্রুত দেশে চলে আসেন সাকিব।

শনিবার নির্বাচকরা লিটন দাসকে সাকিবের বদলি হিসেবে নিদাহাস ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্ত করে জানান, এই আসরে খেলার জন্য ফিট হয়ে ওঠেননি সাকিব।

এখন আরো উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই তথ্য দেয়া হয়েছে। আঙুলের চোট কেন সেরে উঠছে না এ নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিতেই মূলত সাকিবের অস্ট্রেলিয়ায় যাওয়া।

উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের ৪১তম ওভারে মোস্তাফিজুর রহমানের বল লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমালকে রান আউটের জন্য থ্রো করার চেষ্টা করেন সাকিব। এ সময় বাম হাতের আঙুলে ব্যাথা পান তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। তার আঙুলে চারটি সেলাই লাগে। ওই ম্যাচে আর নামা হয়নি সাকিবের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি টেস্ট ও টি-২০ সিরিজ।

 

নিদাহাস কাপের শ্রীলঙ্কা দল

দুই পেসার নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমলের সাথে কুশল পেরেরাকে ফিরিয়ে এনে আগামী সপ্তাহে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য নিদাহাস টি-২০ ট্রফি ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন নিরোশান ডিকবেলা। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।

শ্রীলঙ্কার পেস অ্যাটাক সামলাবেন ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফেরা প্রদীপ ও লাকমল। পেস অ্যাটাকে আরো আছেন ডান-হাতি দুসমন্ত চামিরা ও বাঁ-হাতি ইসুরু উদানা। ডিকবেলার পরিবর্তে ডি সিলভার সুযোগ চমকই ছিল। এক বছরের বেশি সময় ধরে টি-২০ ফরম্যাটে খেলছেন না তিনি। বাংলাদেশ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডি সিলভা। সম্প্রতি শ্রীলঙ্কার ঘরোয়া টি-২০ আসরে তিনটি ম্যাচে বলার মতো পারফরম্যান্স আছে তার। ৪২, ০ ও ৫৫ রান করেন ডি সিলভা।

গেল মাসে শেষ হওয়া বাংলাদেশ সফরে নিজেকে মেলে ধরতে পারেননি ডিকবেলা। ফলে আসন্ন সিরিজের জন্য ডিকবেলাকে বিবেচনায় নেয়নি শ্রীলঙ্কার নির্বাচকেরা। এ দিকে কুশল পেরেরা ফিরে আসায় টপ-অর্ডার নিয়ে বড় ধরনের চিন্তায় পড়বে লঙ্কানরা। কারণ টপ-অর্ডারে আরো আছেন উপল থারাঙ্গা, কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা।

বাংলাদেশ সফরের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি লেগ স্পিনার জেফরি ভ্যান্ডরসে। আসন্ন সিরিজের জন্য ঘোষিত দলে সুযোগ হয়নি তার। শ্রীলঙ্কা দলে স্পিনার হিসেবে আছেন আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো ও জীবন মেন্ডিস।

ঘোষিত ১৫ জনের দলে ইনজুরির কারণে সুযোগ হয়নি ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসলে গুনারত্নে ও শেহান মাদুশঙ্কার।

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজন করছে শ্রীলঙ্কা। আগামী ৬ মার্চ শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৮ মার্চ। ফাইনালের আগে ডাবল লিগ পদ্ধতিতে চারটি করে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা-ভারত ও বাংলাদেশ।

শ্রীলঙ্কা দল : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দাসুন শানাকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিজ, সুরাঙ্গা লাকমাল, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা ও ধনঞ্জয়া ডি সিলভা।