নিউজ ডেক্স : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদন্ড- দিয়েছেন নড়াইলের একটি আদালত। গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ রায় দেন।
রায়ে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডের পাশাপাশি তারেক রহমানকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন বিচারক। তারেকের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির এই মামলা করেছিলেন নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান বিশ্বাস।
মামলায় উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইস্ট লন্ডনে যুক্তরাজ্য বিএনপির এক সভায় তারেক রহমান জাতির পিতাকে ‘রাজাকার ও পাকবন্ধু’ বলেন। তা ছাড়া আরও অনেক
আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এই বক্তব্য মানহানিকর ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত অপচেষ্টার শামিল।
মামলাটির বিচারকাজ ৫ বছরের বেশি সময় ধরে চলে। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিচারক এ দ- দেন। লন্ডনে অবস্থান করা তারেক রহমানকে পলাতক দেখিয়ে বিচারকাজ চলে। রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী সঞ্জীব কুমার বসু।
