স্টাফ রিপোর্টার : জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
৪ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে তিনি এই শ্রদ্ধা জানান। এসময় বিচার বিভাগের অন্যান্য বিচারপতিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করেন প্রধান বিচারপতি।
পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতির কথা লিপিবদ্ধ করেন। শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকর্মীরা প্রধান বিচারপতির অনুভূতি জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেন।
এর আগে স্মৃতিসৌধে প্রধান বিচারপতি পৌছালে তাকে স্বাগত জানান সাভারের সাংসদ ডা. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল, এবং সাভার জাতীয় স্মৃতিসৈাধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।
