জামিন পেল ৩৮ শিক্ষার্থী

একুশে বার্তা রিপোর্ট : শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩৮ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম জামিনের আদেশ দেন। জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গ্রেফতার হওয়া ৯ শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা জামিনে বেরিয়ে আসেন। আজ সোমবার আরও ১৩ শিক্ষার্থী মুক্তি পাবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত জেলার জাহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া বাড্ডা থানার মামলায় গ্রেফতার ১৪ জন শিক্ষার্থীর মধ্যে জামিন পেয়েছেন ১০ জন। আর ভাটারা থানার মামলায় গ্রেফতার ৮ শিক্ষার্থীর মধ্যে জামিন পেয়েছেন ৬ জন। অন্যদিকে, ধানমন্ডি থানার পৃথক তিন মামলায় গ্রেফতার ৯ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। ধানমন্ডি এলাকায় ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় তাদের গ্রেফতার করা হয়। আদালত সূত্র বলছে, গ্রেফতার বাকি শিক্ষার্থীদের কারও কারও জামিন শুনানি আজ সোমবার হতে পারে। : ঢাকার থানা ও আদালত সূত্র জানায়, আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী। গতকাল  ঢাকার আদালতে জামিন চেয়ে ৩৮ শিক্ষার্থীর পক্ষে জামিন আবেদন করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। শুনানিতে ছাত্রদের আইনজীবীরা আদালতের কাছে যুক্তি তুলে ধরে বলেন, এসব ছাত্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। মামলার এজাহারেও তাদের নাম নেই। সন্দেহজনকভাবে তাদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সবাই ছাত্র। আদালত শুনানি নিয়ে ৩৮ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। : এর আগে, হামলা ও ভাঙচুরের অভিযোগে আটক ছাত্রদের দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আদালতের কাছে ছাত্রপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করে ছাত্রদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময়ে আদালতের এজলাসে ছাত্রদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। তাদের কেউ কেউ আদালতের আদেশ শোনার পরে কান্নায় ভেঙে পড়েন। আটক ছাত্ররা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইষ্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথ ইস্ট ও ব্র্যাকের শিক্ষার্থী। পুলিশ আদালতকে জানায়, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসামিদের কাছ থেকে তাদের নাম ও ঠিকানা জানা গেছে। এছাড়া মামলার ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেসব তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেফতার করা হবে। : পুলিশ আরো জানায়, আটক শিক্ষার্থীরা প্রাথমিকভাবে হামলার কথা স্বীকার করেছেন। মামলার তদন্তের জন্য পুনরায় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। : : :