রাজনৈতিক ডেক্স : গত রোববার রাতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট আহ্বায়ক অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েক জন নেতা বৈঠক করেছেন। বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের গুলশানের বাসায় এ বৈঠক হয়। বৈঠকে আ.স.ম আবদুর রবের জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও দলের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ ফরাজীও উপস্থিত ছিলেন। রাত সাড়ে নয়টার পর শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় ১১টা পর্যন্ত।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বাইরে একটি বৃহত্ রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বৃহত্তর ঐক্যের কাঠামো ও কর্মসূচি কী হবে, এ ঐক্যে আর কাদের শামিল করানো যায়, এ ঐক্যের সঙ্গে বিএনপি ও দলটির নেতৃত্বাধীন ২০ দলের সঙ্গে সম্পর্ক কেমন হবে— ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, বিকল্পধারা, জেএসডি ও নাগরিক ঐক্য— এই তিনটি দল নিয়ে ইতোমধ্যে যুক্তফ্রন্ট নামে একটি জোট গঠিত হয়েছে। এ জোটের প্রধান বি. চৌধুরী। আর ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়া নামে পৃথক একটি মঞ্চ গঠন করা হয়েছে। এ দুটি জোটকে একত্রিত করার পাশাপাশি সমমনা অন্যদেরও কীভাবে বৃহত্তর ঐক্যে যুক্ত করা যায় তা নিয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানা যায়। বৈঠকে আগামী ২২ সেপ্টেম্বর ড. কামালের উদ্যোগে আহূত মহাসমাবেশে বি. চৌধুরীসহ অন্যদের যোগদানের বিষয়েও আলোচনা হয় বলে জানা যায়।
