টাঙ্গাইলের ঘাটাইলে ইউপি নির্বাচন , ব্যাপক সংঘর্ষ : ব্যালট পেপার ছিনতাইয়ে বাধা দেয়ায় সৃষ্ট সংঘর্ষে পুলিশের গুলিতে বিএনপি সমর্থক মালেক মিয়া নিহত

ঘাটাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় আইন শৃংখলা বাহিনীর গুলিতে মালেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে অন্যান্য কেন্দ্রে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে সাগরদিঘি ইউনিয়নের সোনামুড়ি গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত মালেক মিয়া সাগরদিঘি  ইউনিয়নের গুপ্তবৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে। স্থানীয়রা জানান, তিনি বিএনপি সমর্থক। তার ভাবি বুলবুলি বেগম এ ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয়রা আরও জানান, ভোরে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হেকমত শিকদার ও তার লোকজন ওই ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরে বাক্সে ভরছিলেন। এসময় স্থানীয় লোকজন ও বিএনপি সমর্থকরা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে মালেক মিয়া নিহত হন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ভোরে সাগরদিঘি ইউনিয়নের সোনামুড়ি গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক দল সন্ত্রাসী ব্যালট পেপার ছিনতাই করতে গেলে প্রিজাইডিং অফিসারের নিদের্শে পুলিশ গুলি চালায়। এতে মালেক মিয়া নামে একজন নিহত হন।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ঘটনার পরপরই ওই কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ, টাঙ্গাইল সদরে একটি ও কালিহাতীতে একটি ইউনিয়ন এবং এলেঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত

ভোট গ্রহণ চলে।