টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট: মেয়াদোত্তীর্ণ দইয়ের তারিখ পরিবর্তন, খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের পাঁচ আনি বাজার ও বড় কালিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে পাঁচ আনি বাজারের গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে উৎপাদিত দইয়ের মেয়াদ তারিখ পরিবর্তন এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টান্ন উৎপাদনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বড় কালিবাড়ি রোডের শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা এবং আদি ইন্দুতি দই ঘরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় বাজার কমিটির কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।