ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নতুন নেতৃত্ব : উত্তরের সাধারণ সম্পদক পদে আলোচনায় ওয়াকিল, হাবীব হাসান

নিউজ ডেক্স : ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগে আসছে পরিবর্তন। ইতোমধ্যে সম্মেলনকে কেন্দ্র করে শুরু হয়েছে নেতৃত্বের বাছাই। আগামী ৩০ নভেম্বর সম্মেলনকে সফল করতে কেন্দ্রীয় নেতারাও সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শোভা পাচ্ছে নেতাদের ছবি সম্বলিত রঙবেরঙের ব্যানার-ফেস্টুন ও পোস্টার। চায়ের দোকান থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁয়, অফিস-আদালত, দলীয় কার্যালয়সহ সব জায়গাতেই আলোচনা নতুন নেতৃত্বে কারা আসছেন ঢাকা মহানগর দুই অংশে।
সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বর্তমান কমিটির নেতাদের সাংগঠনিক দক্ষতা যাচাই বাছাই করে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ফলে মহানগরের ত্যাগি, অভিজ্ঞ ও ক্লিন ইমেজের নেতারা আশায় বুক বেধে ব্যাপক গণসংযোগে নেমে পড়েছেন। তবে পুরানো নেতাদের না রাখার পক্ষে রয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নিজের নাম প্রচার করছেন অনেকেই। ঢাকা উত্তরের সভাপতি প্রাথী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন-বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কাদের খান, সহ-সভাপতি শেখ বজলুর রহমান, আসলামুল হক। একই সঙ্গে অভিন্ন মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে রাখা হতে পারে। সাধারণ সম্পাদক পদের জন্য বর্তমান কমিটির দুই যুগ্ম সাধারণ সম্পাদক-সম্পাদক হাবিব হাসান, এসএম মান্নান কচি, দপ্তর সম্পাদক এম সাইফুল্লাহ সাইফুল, অর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম বাছেকের নাম আলোচনায় রয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান সভাপতি আবুল হাসনাতকে বাদ দিয়ে এ পদে আলোচনায় আছেন দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নুরুল আমি রুহুল, সহ-সভাপতি আবু আহমেদ মন্নাফী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবুল বাশারের নাম শোনা যাচ্ছে। দক্ষিণের মেয়র সাঈদ খোকনও আলোচনায় রয়েছেন। দক্ষিণের সাধারণ সম্পাদক থেকে বাদ পড়ছেন শাহে আলম মুরাদ। তবে সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের ছেলে কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ (তামিম), সহ-সভাপতি আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, মোর্শেদ কামাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন, গোলাম সারওয়ার কবীর। সাংগঠনিক সম্পাদক পদের নাম শোনা যাচ্ছে এফ এম শরিফুল ইসলাম। তিনি সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিম-লীর এক সদস্য জানান, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা আগের মতো নেই। ফলে আগের ধারাবাহিকতায় নেতৃত্বে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতাদের উপস্থিতি নেই। তাই শূন্যতা পুরণ করতে বিকল্প নেতৃত্বের সন্ধান করা হচ্ছে। তবে সব কিছু নির্ভর করছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।
আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য কর্ণেল (অব.) ফারুক খান বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসবে। কারণ দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি। দুই অংশের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপত্যাশী অনেকেই তার সঙ্গে যোগাযোগ করে প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের মধ্যে থেকে যোগ্যতাসম্পন্ন নেতারাই আসবেন।